নিউজ সান ডেস্ক:
যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
(১২ সেপ্টেম্বর) শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় কোনো দালাল বা পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালান। এসময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার পূর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), একই উপজেলার পাতালিয়া গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মিজানুর রহমান (৪৫), যশোর সদর উপজেলার কাজিপুর গ্রামের সরোয়ার বিশ্বাসের কন্যা শাপলা খাতুন (২৩), ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার কন্যা সুমি আক্তার (২৪)।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।










