নিউজ সান ডেস্ক : যশোরের বেনাপোলের দক্ষিণে অবস্থিত একটি বিশাল জলাশয় চাত্রের বিল। এই বিলটি কয়েকশ বিঘা জমি জুড়ে বিস্তৃত,এবং ছোট আঁচড়া , বড় আঁচড়া , খড়িডাঙ্গা, শিকড়ি ও রাজাপুর গ্রামের কৃষকদের জমি রয়েছে এই বিলে।
প্রতি বছর এই বিলে দু’বার ধানের চাষ হয়। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ সময় কৃষকরা ধান ঘরে তুলতে পারেন না। কারণ বর্ষার সময় বিলটি পানিতে ভরে যায়, বিশেষ করে আমন ধান প্রায়ই পানির নিচে তলিয়ে যায়।
তবে তুলনামূলকভাবে ইরি ধান কৃষকেরা কিছুটা ঘরে তুলতে পারেন। বর্ষাকালে ভারতের সীমান্তঘেঁষা ইছামতী নদীর পানির স্রোতে এই বিলের এলাকা পানিতে ডুবে যায় সম্পূর্ণভাবে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, যদি এই পানির নিষ্কাশনের ব্যবস্থা করা যেত, তাহলে তারা তাদের ফসল ঠিকমতো ঘরে তুলতে পারতেন, আর চাত্রের বিল আবারও হয়ে উঠত কৃষকদের প্রাণের আশ্রয়।










