বেনাপোল প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে যশোরের বেনাপোলে রেশমা বেগম নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে স্বামী ছালাম হোসেন।
২৭ আগস্ট রোববার ভোর রাতে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের রাশেদুজ্জামান নামে একজনের ভাড়া বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী ছালাম। হত্যা কারীকে দ্রুত আটক ও মামলার প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছালাম শার্শার পাচভুলোট গ্রামের জয়নাল হোসেনের ছেলে। পারিবারিক কলহের জের ধরে রাতের বেলাই তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছালাম পালিয়ে যায়।
পরে পাশের ঘরে থাকা তাদের দুই ছেলে,মেয়ে এসে দেখতে পায় তার মায়ের রক্তাত্ব দেহ পড়ে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানা অফিসার্স ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গতরাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে স্বামী কর্তৃক স্ত্রী খুন হয়েছে। এ ব্যাপারে আমরা মরদেহ উদ্ধার করে, পোসমাটামের জন্য যশোরে পাঠিয়েছি,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে,আর ঘাতক স্বামীকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি।










