আলমগীর হোসেন,বেনাপোল: যশোরের শার্শা উপজেলার শার্শা বাজার সংলগ্ন অবস্থিত শার্শা উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রায় শতবর্ষ পুরনো এই হাসপাতালটি এখন যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা স্থানীয় জনগণের জন্য উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। চারদিকে অযত্ন-অবহেলার চিহ্ন স্পষ্ট। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শুধু তাই নয়, হাসপাতালটির পাশেই আরেকটি ভবন থাকলেও সেটির অবস্থাও অত্যন্ত নাজুক। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একসময় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি ছিল এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল। কিন্তু বর্তমানে সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের অভাবে মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটির সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি এটিকে একটি আধুনিক ও ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে শার্শা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শার্শা প্রতিনিধি আলমগীর হোসেন বলেন, “জনগণের সেবার জন্য নির্মিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি এভাবে অবহেলায় পড়ে থাকতে পারে না। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হাসপাতালটির মানোন্নয়ন নিশ্চিত করা হোক, যাতে শার্শা উপজেলার সাধারণ মানুষ আবারও স্বাভাবিক চিকিৎসা সেবা পেতে পারে।”
এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এই গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানটির পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।










