শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: প্রায় আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।
(২৫ আগস্ট সোমবার) বিকাল ৪ টায় প্রথম চালানে ভারতীয় একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ আসে বন্দরে।
পেঁয়াজের আমদানিকারক বাংলাদেশের এস এম ওয়েল ট্রেডার্স এবং রফতানিকারক ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন।
প্রতি মেট্রিক টন ৩০৫ ইউ এস ডলার যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা মূল্য দেখিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে। আমদানিকৃত পেঁয়াজ বাজারে মান ভেদে ৫৮ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রী হতে পারে।
এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় প্রথম দিনেই স্থানীয় বাজারে কেজিতে ৫ থেকে ৭ টাকা কমেছে দাম।
আমদানি কমের অযুহাতে গতকালও দেশীয় বাজারে ৭০ টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ।
আমদানিতে নানান প্রতিবন্ধকতায় ২০২৩ সালের মার্চ মাস থেকে বন্ধ ছিল বেনাপোলে রুটে পেয়াজের আমদানি।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, প্রথম চালানে আমদানিকারক প্রতিষ্ঠান ১৫ টন পেঁয়াজ আমদানির করেছেন। পেঁয়াজের মান পরীক্ষা শেষে বন্দর থেকে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।










