নিউজ সান ডেস্ক : যশোরের শার্শা সীমান্তবর্তী কায়বা ও গোগা বিওপি এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে মোট ৫৯৭ বোতল ভারতীয় মাদক কফ সিরাপ জব্দ করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
এর মধ্যে রয়েছে ১১৭ বোতল এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল উইনসেরেক্স সিরাপ। যা ফেনসিডিলের অপর নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
শনিবার (৬ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন চোরাচালানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিজিবি বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ সকালে কায়বা ও গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, “দেশের সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবি নীরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। মাদকসহ সব ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।










