নিউজ সান ডেস্ক :
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকদের উত্থাপিত সকল দাবিদাবা মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ মানজারুল মান্নান। এর প্রেক্ষিতে শ্রমিকদের ঘোষিত কর্মবিরতির আল্টিমেটাম প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।
এতে বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
সভা শেষে শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয় এবং তারা পুনরায় কাজে যোগ দেন।
সভায় সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, শ্রমিকদের জন্য বন্দরে একটি হাসপাতাল স্থাপন করতে হবে এবং কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে। এছাড়া ক্রেন কোম্পানির নিম্নমানের যন্ত্রপাতি বাতিল, কাজের সময়সূচি নির্ধারণ, বর্তমান ঠিকাদারের টনের দর পুনঃনির্ধারণ এবং আহত শ্রমিকদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ঠিকাদার কর্তৃক বহনের দাবি জানান।
তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য জরুরি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, সিলিং/টাচেনের গুণগত মান নিশ্চিত করা, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে টনের টাকা পরিশোধ, কাজের প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকাদারের মাধ্যমে সরবরাহ, বাৎসরিক বোনাস প্রদান এবং ঠিকাদারের প্রতিনিধির বেনাপোলে স্থায়ী অফিস স্থাপনের বিষয়গুলোও নিশ্চিত করতে হবে।
শ্রমিক নেতাদের দাবি অনুযায়ী এসব বিষয় বাস্তবায়নের আশ্বাস প্রদান করায় শ্রমিকরা তাদের কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেন এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসেন।










