আলমগীর হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় দাখিল পরীক্ষার্থী ও তাদের সহপাঠীদের উপর সংঘবদ্ধ হামলা এবং নারী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
যানাগেছে মঙ্গলবার (১২ মে) দাখিল ২০২৬ সালের কৃষি শিক্ষা বিষয়ের বোর্ড পরীক্ষা শেষে গোগা এলাকার তামিম হোসেন (১৭) ও মেহেদী হাসান নয়ন (১৬/১৭)সহ কয়েকজন সহপাঠী ঘোরাফেরার উদ্দেশ্যে বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় যায়।
এসময় সেখানে পূর্ব থেকে অবস্থানরত কয়েকজন যুবক তাদের সাথে থাকা বান্ধবীদের উদ্দেশ্যে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করে। এতে পরীক্ষার্থীরা প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। হামলায় তামিম ও নয়ন আহত হন।
পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তারা ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। তবে ওভারব্রিজের নিচে পৌঁছালে অভিযুক্তরা পুনরায় লাঠি-সোটা নিয়ে তাদের পথরোধ করে দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে তামিম হোসেন মাথায় কাটা রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে নয়নকেও মারধর করা হয়।
ঘটনার সময় দুই তরুণী তাদের রক্ষার্থে এগিয়ে এলে অভিযুক্তরা তাদের বোরকা ও ওড়না ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। এছাড়া তাদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা নং-১৫, তারিখ ১২/০৫/২০২৬, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩৪১/৩৫৪/৫০৬ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।










