আলমগীর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক আতিকুজ্জামান-এর ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে শার্শা রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আহত সাংবাদিক আতিকুজ্জামান দৈনিক যশোর বার্তা ও দৈনিক বাংলাদেশ রয়টার্স-এর শার্শা উপজেলা প্রতিনিধি।
সাংবাদিক আতিকুজ্জামানের অভিযোগ, তিনি শার্শা রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থানকালে আরিকুল ইসলাম নামে এক ব্যক্তি পূর্ব বিরোধের জেরে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্ত তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে চলে যান।
আহত সাংবাদিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি শার্শা থানায় গিয়ে ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
সাংবাদিক আতিকুজ্জামান বলেন,
“সংবাদ প্রকাশের কারণে আমাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে আমি মনে করি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরিকুল ইসলাম শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অতীতে মাদক ও অস্ত্র-সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শার্শার বিভিন্ন গণমাধ্যমকর্মী তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আরিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি সাংবাদিক আতিকুজ্জামানকে মারধর করিনি। বরং সাংবাদিকই আমাকে মারধর করেছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।









