মহিবুর তালুকদার শিবলু,
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাচুয়া এলাকায় মাদকদ্রব্য সেবন ও বহনের দায়ে আবুল মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) চুনারুঘাট উপজেলার কাচুয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবন ও বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









