সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে স্মার্ট সাহিত্য পাঠাগারের শুভ উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

একই অনুষ্ঠানে ক্লাবের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মার্ট সাহিত্য পাঠাগারের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি খলিলুর রহমান ও মালয়েশিয়া প্রবাসী শিমুল সরদার।
উদ্বোধন শেষে ক্লাবের সহ-সভাপতি মো. আলমগীর কবির বাবুলের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন চামারী ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল হাই, সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আইনুল কবির স্বাধীন এবং মালয়েশিয়া প্রবাসী শিমুল সরদার।

ক্লাবের সদস্যদের উপস্থিতিতে তাঁদের আজীবন সদস্যপদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।
সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, সাংবাদিকদের জ্ঞানচর্চা, সাহিত্যচর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট সাহিত্য পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।
এ পাঠাগার সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় পাঠকদেরও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সিংড়া স্মার্ট প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।
এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ক্লাবের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন, সংবাদকর্মী বাদল হোসেন, ফয়সাল আহমেদ জনি, শিফাত, রাকিব ও আপেলসহ ক্লাবের অন্যান্য সদস্য।
অনুষ্ঠানের একপর্যায়ে সংবাদকর্মী আমিনুল হক বাদল জাতীয় পত্রিকার কার্ড গ্রহণ করেন।
আয়োজকেরা জানান, স্মার্ট সাহিত্য পাঠাগারের মাধ্যমে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় পাঠকদেরও বই পড়া ও জ্ঞানচর্চায় উৎসাহিত করা হবে।
পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।









