গাজীপুর প্রতিনিধি :
যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখার প্রত্যয়ে গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাঘিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাঘিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জামালপুর ফুটবল একাদশ ও জরুন ফুটবল একাদশ। খেলায় প্রতিপক্ষকে ৪-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় জামালপুর ফুটবল একাদশ।
খেলা শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মফিজ উদ্দিন মন্ডল।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাজী রাশেদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সহসভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সেলিম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ফুটবল একাদশের পরিচালক ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামরামপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে.কে।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে।
যুবসমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জামালপুর ফুটবল একাদশের পরিচালক মো. সেলিম মিয়া জে.কে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হবে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আমি আশাবাদী।









