রাসেল আহমেদ,খুলনা ব্যুরো: খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। এরপর সড়ক ও নৌপথে বাগেরহাটের মোংলায় যাওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন তিনি। সেখান থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করবেন।
পরে দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী।
সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে সফরসূচির এসব তথ্য জানানো হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে।










