আরমান হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত ‘রওজাতুল জান্নাত বালিকা হাফিজিয়া মাদ্রাসা’র নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পরিচালকের ব্যক্তিগত অট্টালিকা নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো জমি নেই। যে জমিতে কার্যক্রম চলছে, সেটি মাদ্রাসার পরিচালক আব্দুর রহমানের স্ত্রী রুবিনা খাতুনের নামে।
২০২১ সালে দুই কক্ষের টিনশেড ঘরে কার্যক্রম শুরু হলেও অল্পদিনের মধ্যে সেখানে তিনতলা ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় তলা পর্যন্ত বসবাসের উপযোগী করা হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, মাদ্রাসা বন্ধ হলে এই স্থাপনা ব্যক্তিগত বাড়ি হিসেবে ব্যবহার করা হবে।
এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে মাসে ৩ হাজার টাকা নেওয়া হলেও নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ রয়েছে।
গত ২৪ অক্টোবর সরেজমিন পরিদর্শনে দুপুরের খাবারে মাছ-মাংস বা ডিমের বদলে কেবল ভাত, মিষ্টি কুমড়ার ঘন্ট ও পাতলা ডাল দেওয়া হয়েছে বলে দেখা যায়।
প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোও একটি পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
এসব অনিয়মের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি (সদস্য: উপজেলা আইসিটি অফিসার ও সমাজসেবা অফিসার) গঠন করা হয়েছে।
জনমনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।









