নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে মব সৃষ্টি করে একটি বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী হামিদা বেগম টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জনের একটি দল হামিদা বেগমের বাড়িতে চড়াও হয়।
এ সময় হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে আরিফ মাতবর ও তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি গুরুতর রক্তাক্ত জখম হন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী হামিদা বেগমের অভিযোগ, হামলার সময় পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেওয়া হয়। এ সুযোগে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি ৪টি মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, জমি বিক্রির উদ্দেশ্যে ঘটনার পাঁচ দিন আগে আরিফ মাতবর ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। পূর্ব শত্রুতা ও ব্যক্তিগত বিরোধের জেরে বিএনপি নেতা জাকির ও তাঁর লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন বলে দাবি ভুক্তভোগীর।
বিএনপি নেতা জাকিরের ভয়ে এখনও ভুক্তভোগী পরিবারটি হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।










