পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে গত এক বছরে প্রায় এক কোটি টাকার চোরাচালানি পণ্য, ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ এবং পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রয়েছে একটি এসএমজি ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদ।
এসব সাফল্যের মধ্য দিয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ব্যাটালিয়ন সদরে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দরবার, দোয়া, প্রীতিভোজ, কেক কাটা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), অর্ডন্যান্স জানান, পানছড়ি তুলনামূলক কম চোরাচালানপ্রবণ এলাকা হলেও গত এক বছরে প্রায় এক কোটি টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য এবং ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে ৩ বিজিবি।
সাম্প্রতিক সময়ে পৃথক দুটি অভিযানে একটি এসএমজি ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গত ১৯ মে ২০২৬ তারিখে দুই সশস্ত্র জেএসএস সদস্য একটি অ্যাসল্ট রাইফেল, একটি শর্টগান, ১৮৮ রাউন্ড গুলি, ২৫ রাউন্ড স্মোক গুলি এবং শর্টগানের ৩৯ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ব্যাটালিয়ন মসজিদে ফজরের নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইউনিট কোয়ার্টার গার্ডে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল ৯টায় ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।
দুপুরে ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রীতিভোজ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ, পিএসসি, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসিসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকেলে ফুটবল ও ভলিবল খেলা এবং সন্ধ্যায় ব্যাটালিয়নের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধিনায়ক বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।
এ ছাড়া জন্মাষ্টমী ও দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, পুশইন ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও ধর্মীয় প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করেছে পানছড়ি ব্যাটালিয়ন।
২০২৬ সালে চট্টগ্রাম রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন আজান ও ক্বিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং আন্তঃব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ইউনিটটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে অধিনায়ক বিজিবির মূলমন্ত্র ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ সামনে রেখে দেশমাতৃকার সেবায় অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ব্যাটালিয়নের সুনাম ও গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।









