শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল :
যশোরের বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
বুধবার (৫ আগস্ট ২০২৬) রাতভর বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেনাপোল পল্লী বিদ্যুতের এজিএম মনিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের ঘটনা বেড়েছে। তাদের দাবি, অনেক সময় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে জানতে বেনাপোল সাব-জোনাল অফিসের নতুন সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) মোঃ মনজুরুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরে বেনাপোল পল্লী বিদ্যুতের অভিযোগ নম্বরে দীর্ঘক্ষণ চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়। ফোন রিসিভকারী ব্যক্তি প্রথমে নিজের পরিচয় দিতে অনীহা প্রকাশ করেন। পরে তিনি নিজের নাম “পিকুল” বলে জানান। তিনি বলেন, “লাইনে ফল্ট হয়েছে। বাঁশবাগান/বাম্বু ক্যাফে এলাকার পাশে বিদ্যুৎ লাইনের কাজ চলছে। কাজ শেষ হলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।” এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযোগ নম্বরে ফোন করলে অধিকাংশ সময় সেটি ব্যস্ত পাওয়া যায়। অনেক চেষ্টার পর সংযোগ পেলেও দায়িত্বে থাকা কর্মীদের আচরণ সন্তোষজনক নয়। তাদের ভাষ্য, গ্রাহকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ না করে অনেক ক্ষেত্রে শুধু “লোডশেডিং” বলে ফোন কেটে দেওয়া হয়।
এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, ঘন ঘন লোডশেডিংয়ের কারণ জনসম্মুখে তুলে ধরা এবং অভিযোগ গ্রহণে দায়িত্বশীল ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে বেনাপোল পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।









