শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের দীর্ঘদিনের সফল প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ের ক্ষণে শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত হয়ে তিনি কর্মজীবনের আনুষ্ঠানিক ইতি টানেন।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুর দেড়টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীরা প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করে সম্মাননা জানান।
বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষার্থী অশ্রুসিক্ত হয়ে পড়ে। নিজেও আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী। এ দৃশ্য উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়কে সাফল্যের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। একজন দক্ষ প্রশাসক, আদর্শ শিক্ষক ও অভিভাবকসুলভ ব্যক্তিত্ব হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও তাঁর শিক্ষা, আদর্শ, মানবিকতা ও অবদান মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শেষে প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তিময় ও আনন্দময় অবসরজীবন কামনা করে তাঁর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয় পরিবারের সদস্যরা।










