বেনাপোল ও শার্শা সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিভিন্ন পণ্য আটক
নিজস্ব প্রতিবেদক:
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ হিজলী ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ২৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ (ESC U F SYRUP), ৭ প্যাকেট ঘাসের বীজ, ২৪ প্যাকেট কীটনাশক, ৩৫টি শাড়ি, ৩টি কম্বল, ১টি চাদর, ৬ প্যাকেট ফুচকা, ৪ কেজি কিসমিস এবং ১৩৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৮ হাজার ৪২০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।









