রাজধানী ঢাকা প্রতিনিধি:
রাজধানীতে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে গোপন গোডাউনে মজুত রাখার অভিযোগে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর মুগদার একটি গোডাউন থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. জসিম (৪০), মো. হারুন (৫০), আলামুন হুদা ওরফে মোল্লা ৬২ ও সুলতান ৪২।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানান,
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত পৌনে ১২টার দিকে গুলশান থানার একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী মুগদা ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা উত্তর মুগদায় চোরাই গাড়ির যন্ত্রাংশ মজুত রাখার একটি গোপন গোডাউনের তথ্য দেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের গাড়ির লুকিং গ্লাস, লুকিং গ্লাসের কভার ও বডি, গাড়ির লোগো, নোয়া গাড়ির হেডলাইট ও ব্যাকলাইটের কভার এবং বিভিন্ন গাড়ির দরজার বিট উদ্ধার করা হয়।
উদ্ধার করা যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। মোঃ আকতার হোসেন আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে গুলশান, বনানী, ৩০০ ফিট, উত্তরা ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় দামি গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিলেন।
বিশেষ করে দেশে সহজে পাওয়া যায় না, এমন গাড়ির যন্ত্রাংশ চুরি করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে গোপন গোডাউনে মজুত করতেন তারা।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করা হয়েছে।
তাদের আদালতে পাঠানো হয়েছে।
চক্রের সঙ্গে জড়িত অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে গুলশান থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









