যশোর রিজিয়নের ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গাপূজাকে কেন্দ্র করে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল বুধবার (২১ অক্টোবর) শেষ হয় শারদীয় দুর্গোৎসব।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপসহ মোট ২২২টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। বিশেষ করে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়।
দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা এবং গোপালগঞ্জসহ সাতটি জেলার ৩৭টি উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরে ৫৮টি বেইজ ক্যাম্প থেকে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা।
এ ছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে গোপালগঞ্জ জেলায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে যশোর রিজিয়ন থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা ধৈর্য, শৃঙ্খলা ও সাহসিকতার পরিচয় দেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকার ফলে সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় যশোর ব্যাটালিয়নসহ যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।









