বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পুরাতন দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যায়।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজসংলগ্ন জামাল হোসেনের ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি পিস্তলটি ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পুরাতন দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে শার্শা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি শার্শা থানার মামলা নম্বর ৪, তারিখ ৬ নভেম্বর ২০২৬।









