নিউজ সান ডেস্ক:
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শা গ্রামের বেতনা নদীর ওপর নিজামপুর-কামারবাড়ী সড়কের কামারবাড়ী ব্রিজে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে জব্দতালিকা অনুযায়ী ২ বোতল বিদেশি মদ ও একটি অ্যাপাচি RTR মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের দীপক কুমার বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (১৯), খরিঞ্চী গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মাসুদ রানা (১৯) এবং একই গ্রামের চনক কুমার মন্ডলের ছেলে প্রদীপ কুমার মন্ডল (৩০)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।










