কলারোয়া প্রতিনিধিঃ মোঃ শাহিনুর রহমান শাহিন ( মনিরামপুর যশোর): সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের খোরদ্দো বাজারে এক চাঞ্চল্যকর ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মদু মোল্লার একটি পাটের গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
এতে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে বাজারের নাইট গার্ড হঠাৎ করেই খোরদ্দো বাজারে অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী মদু মোল্লার পাটের গুদামের ভেতর থেকে আগুনের তীব্র আলোর রেখা ও ধোঁয়া দেখতে পান।
মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গুদামে থাকা সমস্ত পাট ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মদু মোল্লা কান্নাজড়িত কণ্ঠে জানান, “এই গুদামে আমার ব্যবসার সমস্ত পুঁজি খাটিয়ে পাট রাখা হয়েছিল।
আকস্মিক এই অগ্নিকাণ্ডে আমার প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি।”
প্রাথমিকভাব শর্টসার্কিট বা অন্য কোনো রহস্যজনক কারণে এই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি খতিয়ে দেখছে।
হঠাৎ ঘটে যাওয়া এই বড় ধরনের অগ্নিকাণ্ডে গোটা খোরদ্দো বাজার ও ব্যবসায়ী মহলে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মদু মোল্লার পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আর্থিক সহায়তা দাবি জানিয়েছেন।









