খুলনা ব্যুরো:
ঢাকের বাদ্য, সিঁদুরের রং আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর খুলনার পূজামণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
বুধবার সকালে দশমী বিহিত পূজা ও অপরাজিতা পূজার আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। প্রথমে দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ করেন নারীরা। এরপর একে অপরের সিঁথি ও গালে সিঁদুর পরিয়ে ভাগাভাগি করে নেন উৎসবের আনন্দ।
ঢাকের তালে তালে হাসি, আনন্দ আর আবেগে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। দেবীকে বিদায় জানানোর মুহূর্তে আনন্দের পাশাপাশি ভক্তদের চোখে ছিল বিষাদের ছাপ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই আয়োজনের মধ্য দিয়ে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সিঁদুর খেলার মধ্য দিয়ে উৎসবের শেষ দিনেও পূজামণ্ডপগুলোতে ছড়িয়ে পড়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা।










