যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক কয়েদি আত্মহত্যা করেছেন। নিহত কয়েদি মিজানুর রহমান ওরফে উদ্বোধক মিজান (৫৫)।
তিনি শার্শা থানার মামলা নং ০৭, তারিখ ২১/০৮/২০০৪, জিআর নং ৬৪৩/০৪ এবং এসসি নং ৫৮৯/০৬ এর ৩০২/৩৪ ধারার হত্যা মামলায় দণ্ডিত ছিলেন। নিহতের গ্রামের বাড়ি শার্শা উপজেলার আমতলা গাতিপাড়া গ্রামে। তাঁর পিতার নাম মোঃ আক্কাস আলী।
কারা সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ১৭:৫৯ ঘটিকায় যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের কার্পেট তৈরির ঘরে এ ঘটনা ঘটে। সবার অগোচরে মিজানুর রহমান ঘরের এ্যাংগেলের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে কারারক্ষীরা তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।
জানা যায়, ২০২৪ সালের ২৪ জুলাই যশোরের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ, ২য় আদালত তাঁকে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড) প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছিলেন।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছে। নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে কারা সূত্র জানিয়েছে।










