নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কারণে লন্ডনে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানটি কার্যত তাঁর বিদায়ী অনুষ্ঠানে পরিণত হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের জিয়া পরিষদের সদস্য ও শার্শা থানা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম।
বক্তব্যে তারেক রহমান বলেন, আজকের এই অনুষ্ঠানটি দুটি কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে এটি আমাদের মহান বিজয় দিবস, অন্যদিকে প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে আপনাদের সঙ্গে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ আমি দেশে ফিরে যাচ্ছি।
তিনি বলেন, সামনে রাজনৈতিক পথচলা সহজ হবে না। এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এবং আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
অনুষ্ঠান শেষে এবিএম মাসুদুল আলম বলেন, তারেক রহমানের এই বক্তব্য প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে এবং দলীয় ঐক্য আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে-বিদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।










