বেনাপোল (যশোর) প্রতিনিধি ॥ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) ভোর রাতে আনুমানিক ৪টার সময় র্যাব হেডকোয়ার্টার ঢাকা’র একটি বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ সাকিব হাসান (২৮), পিতা—মোঃ আসলাম হোসেন, গ্রাম—রঘুনাথপুর, পোস্ট—বাহাদুরপুর, থানা—বেনাপোল পোর্ট, জেলা—যশোরকে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।










