শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল প্রতিনিধি:
দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল শুধু সীমান্তবর্তী এলাকা নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ কারণে পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে দক্ষ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
তাদের মতে, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক এবং বর্তমান বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি একজন অভিজ্ঞ সংগঠক ও নেতৃত্বের অধিকারী। সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠনটিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে অবদান রেখেছেন।
রাজনৈতিক জীবনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি বেনাপোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ইউনিয়ন যুবদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
সমর্থকদের ভাষ্য, এ কে এম আতিকুজ্জামান সনির লক্ষ্য বেনাপোলকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করা। তাদের দাবি, তাঁর উন্নয়ন ভাবনায় রয়েছে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা, পৌর পার্ক নির্মাণ, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, উন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার সার্বিক মানোন্নয়ন।
স্থানীয়দের একাংশের বিশ্বাস, সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বেনাপোলকে একটি আধুনিক, বাসযোগ্য ও ব্যবসাবান্ধব পৌর শহরে পরিণত করা সম্ভব।










