হাকর পরিষ্কার ও পানি নিষ্কাশনের দাবিতে সরব এলাকাবাসী, প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস
মোস্তাফিজুর রহমান মিলন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুর এলাকায় দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়ন-প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা গাজীপুর ও নামাজগ্রামের মধ্যবর্তী হাকরটি দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়া এবং পানি নিষ্কাশনের সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, হাকরটি দীর্ঘদিন পরিষ্কার না করায় বর্ষা ও বৃষ্টির সময় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে জলাবদ্ধতাসহ নানা দুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।
এ সময় এলাকাবাসী দ্রুত হাকরটি পরিষ্কার করে স্বাভাবিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান।
স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যাকে সামনে রেখেই এলাকার উন্নয়ন পরিকল্পনা করা প্রয়োজন। জনগণের সঙ্গে সরাসরি কথা বলার মূল উদ্দেশ্য হলো তাদের সমস্যাগুলো জানা এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া।
তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, গাজীপুর ও নামাজগ্রামের মধ্যবর্তী হাকরটির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। এ বিষয়ে বেনাপোল পৌরসভার বর্তমান প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ইমদাদুল হক ইমদাদ আরও বলেন, এলাকার উন্নয়ন শুধু রাস্তা বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধার বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের প্রতিক্রিয়া
গণসংযোগে স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার সমস্যাগুলো সরাসরি মানুষের কাছ থেকে শুনে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়টি তারা ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে দীর্ঘদিনের হাকর পরিষ্কার ও পানি নিষ্কাশনের সমস্যা সমাধান হলে এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
দ্বিতীয় দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শোনা এবং এলাকার উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল ও আজগর আলী।
এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও গাজীপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










