নিউজ সান ডেস্ক :১৮ অক্টোবর ২০২৬ (রবিবার)
যশোরের ঝিকরগাছায় পূজামণ্ডপের বিশৃঙ্খলা ঠেকিয়ে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন ভিডিপি সদস্য। গত ১৬ অক্টোবর, শুক্রবার রাতে বারোয়ারি পূজামণ্ডপের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটকে সরাসরি সহযোগিতা করেন ভিডিপি সদস্য আব্দুল হাকিম, মুসা করিম ও আজিজুর রহমান।
তাঁদের এই দায়িত্বশীলতা ও অসীম সাহসিকতাকে স্বীকৃতি দিতে আজ ১৮ অক্টোবর, রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যশোর জেলা প্রশাসক মহোদয় স্বয়ং ঐ তিন বীর ভিডিপি সদস্যকে আমন্ত্রণ জানান এবং তাঁদের হাতে আর্থিক সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন যশোর জেলা কমান্ড্যান্ট উপপরিচালক জনাব নুরুল আবসার এবং সদর উপজেলা কর্মকর্তা জনাব আবির রহমান। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এই উপস্থিতি মাঠপর্যায়ের শৃঙ্খলা রক্ষাকারীদের কাজের প্রতি রাষ্ট্রীয় মূল্যায়নেরই বহিঃপ্রকাশ।
এই সময়োপযোগী আর্থিক সম্মাননা ও স্বীকৃতি ভিডিপি সদস্যদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি স্থানীয় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে আনসার ভিডিপি সদস্যদের এবং সাধারণ মানুষকেও আরও বেশি অনুপ্রাণিত করবে।










