নিউজ সান ডেস্ক : যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
অভিযানটি ০৫ জুন ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, মাসিলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় যৌথভাবে পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৭৮ বোতল WINCEREX কফ সিরাপ, ১৫১টি শাড়ী, ০১টি থ্রি-পিস, ০৩টি কম্বল, ১০১ প্যাকেট ফুসকা, ১০ কেজি কিসমিস, ০৩ কেজি জিরা, ৯৬টি ইনজেকশন, ১৩২টি খাদ্য সামগ্রী, ১৩ প্যাকেট সন পাপড়ি, ১১৯৫টি বিভিন্ন প্রকার চকলেট এবং ১৫৯১টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩১,৭৪,৯৬০ টাকা বলে জানানো হয়েছে।
বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।










