ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে স্বাগতিক ঢাকুরিয়া চাঁদের আলো ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাঘারপাড়ার বলরামপুর স্পোর্টিং ক্লাব।
বিজয়ী দল সোনার বাংলা ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ও ২০ হাজার টাকার পুরস্কার অর্জন করে।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে গ্রামবাসীর আয়োজনে এবং বিশিষ্ট ব্যবসায়ী জিএম মুন্না আজিজের সভাপতিত্বে টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী গ্রুপ ও আমেনা হাবিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলী হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম দফাদার, দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম, চেয়ারম্যান নিস্তার ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন এবং সাবেক উপজেলা ছাত্রদল নেতা মো. অলিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, তিনি পুরো ৯০ মিনিটের খেলা উপভোগ করেছেন। ভালো খেলার কারণেই বলরামপুর জয় পেয়েছে।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দলটি একই ছন্দে খেলেছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, খেলাধুলা বরাবরই তাঁর পছন্দের বিষয়। তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, নকআউট পদ্ধতিতে আয়োজিত ১৬ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে বলরামপুর স্পোর্টিং ক্লাবের দাপুটে জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামে।









