শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল,শার্শা:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানার এসআই (নিঃ) চিরঞ্জিত মন্ডল ও এএসআই (নিঃ) মোঃ লাভলু মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
পুলিশ জানায়, দক্ষিণ বুরুজ বাগান এলাকার তুলি সিনেমা হলের পিছনে প্রায় ২০০ গজ দূরে জয়নাল নামের এক ব্যক্তির মালিকানাধীন বাড়ির সামনে থেকে মোছাঃ আর্জিনা খাতুন (২৭) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আর্জিনা খাতুন দক্ষিণ বুরুজ বাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাশেম এবং স্বামীর নাম মাসুম হোসেন।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৩৯, তারিখ-১৯/০৫/২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।










