শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (১১ মে ২০২৬) রাতে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ভারত থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আনা ৯,৯০০ পিস Cyproheptadine Hydrochloride ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২৯ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত পথে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে বলেও জানান তিনি।










