শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল উপজেলার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ মে ২০২৬) ভোরে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদস্যরা এসব সিরাপ জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আনা ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৮৮ হাজার টাকা। দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










